মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

হজ ব্যবস্থাপনায় ৯টি নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: হজ ব্যবস্থাপনা সফল করতে ৯টি নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্প্রতি প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় এসব নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশগুলোর মধ্যে রয়েছে, হজযাত্রী পরিবহনে সম্ভাব্য সকল ফ্লাইট ডেডিকেটেড হতে হবে। ফ্লাইট বিপর্যয় যেন না তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে সকল এয়ারলাইন্সকে ‘রুট-টু-মক্কা ইনিসিয়েটিভ’ এর বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে। হজ ক্যাম্পেই সকল ইমিগ্রেশন সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য হজ ক্যাম্পে প্রয়োজনীয় সংখ্যক বুথ নিশ্চিত করতে হবে এবং বিশেষ প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত হিসেবে বিমান বন্দরে দু’টি বুথ স্থাপন করতে হবে।

সুষ্ঠুভাবে ইমিগ্রেশন সম্পন্নের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজযাত্রীদের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যাদি ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে অগ্রিম সরবরাহ করতে হবে। হজযাত্রীদের আরটি-পিসিআর টেস্ট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয়পূর্বক স্বাস্থ্য সেবা বিভাগকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। 

হজযাত্রীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত ‘সুরক্ষা অ্যাপ’ এ রক্ষিত তথ্য প্রাপ্তি হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যথাযথ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহজলভ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রয়োজনীয় সহায়তা দিবে। হজযাত্রীদের যাতে কোন ধরনের কষ্ট না হয় সেলক্ষ্যে হজ ক্যাম্পে সব সেবা দেয়া প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক সেবাদান কার্যক্রম নিশ্চিত করতে হবে। এয়ারপোর্ট থেকে হজ ক্যাম্পে যাতায়াতের রাস্তা সচল ও বাঁধাহীন রাখতে ঢাকা উত্তর সিটিকর্পোরেশন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। 

এদিকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন গত রোববার শেষ হয়েছে। সরকারি হজযাত্রী নিবন্ধন চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরুর সময় নির্ধারণ করেছে সৌদি আরব। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102