শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি: সেতুমন্ত্রী 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কোনো আইসোলেটেড জায়গা না। যুদ্ধের প্রভাব তো পড়বেই। অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব তেলের দামে বেড়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশের মানুষকে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮৫ টাকা। একই সঙ্গে প্রতি লিটার পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, আসল কথা হলো- মানুষ আনন্দ পেলে বিএনপি তাতে কষ্ট পায়। মানুষের শান্তিতে বিএনপির গায়ে জ্বালা হয়।

মন্ত্রী বলেন, এবার ঈদযাত্রায় মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না-ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটাও ভাল কেটেছে। বাড়িতে অনেকদিন পড়ে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।

লিংক রোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের (নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি) দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করবো।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লক্ষ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102