

স্টাফ রিপোর্টার: বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড মামলার রায় কার্যকরের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড বিচার হয়েছে। এটার রায় যথার্থভাবে কার্যকর করা হবে। আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্যধারণ করে আসছেন, এভাবে ধৈর্যধারণ করবেন। আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে অনেক সময় লেগেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের থেকে কালো দাগ মুছে গেছে, আমাদের কপালে আর কালো দাগ নেই। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। আজ আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি।
বিডিআর বিদ্রোহের বিচারে সময় লাগার বিষয়ে তিনি বলেন, এভাবে নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা ঘটবে, আমরা কল্পনাও করিনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্য এ ঘটনা ঘটিয়েছে। যথার্থ বিচারকার্যের মাধ্যমে একটি বিচার শেষ হয়েছে। আর একটি চলমান রয়েছে।
‘বিচারকার্যে দীর্ঘসূত্রিতার কারণে সময় লেগেছে। আমাদের সবকিছু উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লেগেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাচ্ছিলাম এই ঘটনার সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার যেন হয়। আর বিচারকরা তাই করেছেন। আর যেই মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শিগগিরই শেষ হবে। বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে, সেটাও তারা করছেন। আমরা মনে করি এই প্রক্রিয়া শেষ হলে তারা ন্যায়বিচার পাবেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। যথাযথ মর্যাদায় শুক্রবার পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ১৩তম শাহাদাতবার্ষিকী পালন হয়েছে।