

স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (৯২) গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার তার জামাতা অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৯২ বছর বয়সী সাবেক এ প্রধান বিচারপতির শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’। তিনি গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। সপ্তাহখানেক আগে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন।
গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের দুই ছেলে। তার দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন সাহাবুদ্দীন আহমদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।