

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিপিএলে ফরচুন বরিশাল বনাম সিলেট সানরাইজার্সের ম্যাচ। যার ফলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো পরিত্যক্ত হলো কোনো ম্যাচ। শুক্রবার দুপুর দেড়টায় শুরু হবার কথা ছিলো ম্যাচটি।
শীর্ষে থাকা ফরচুন বরিশালের অবস্থান তাতে আরও শক্ত হলো। ৭ ম্যাচে সাকিব আল হাসানের দলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৯। অপর দিকে ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া সিলেটের পয়েন্ট হলো ৩।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল-সিলেটের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিলো বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। কিন্তু পশ্চিমা লঘুচাপের কারণে দুপুরের আগ থেকেই বৃষ্টি নামে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিল গতকাল থেকেই। আজ সেটি বাড়ে।
দুপুরের আগ থেকে বৃষ্টি শুরু হলে অপেক্ষা করা হচ্ছিল কখন সেটি থামে। কিন্তু পরে বৃষ্টির গতি কমলেও একেবারে থেমে যায়নি। ফলে ৩টা ৫০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেয়া হয়।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটা শুরু হওয়ার কথা রয়েছে সাড়ে ৬টায়। বৃষ্টির যে গতিবিধি তাতে সেই ম্যাচ নিয়েও শঙ্কা।