

স্টাফ রিপোর্টার: ছলনার আশ্রয় গ্রহণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ জাফরউল্লাহ খান চৌধুরী লাহরীর স্মরণে’ এক সভায় এ অভিযোগ করেন তিনি।
ঘুষ, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় সর্বস্তরে আজ গেড়ে বসেছে মন্তব্য করে তিনি বলেন, সরকারি প্রশাসন ও চিকিৎসা সেবা থেকে শুরু করে সর্বোচ্চ বিচার ব্যবস্থার ক্ষেত্রেও এর প্রতিফলন দগদগে ঘায়ের সৃষ্টি করেছে। তারই প্রমাণ মোহাম্মদ ইমান আলীদের মতো ব্যক্তিদের হতাশ হয়ে দীর্ঘ ছুটিতে যাওয়া।
এক ব্যক্তির নির্দেশে সারাদেশের সমস্ত কর্মকাণ্ড হচ্ছে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, যে কোন মামলায় জামিন পাবার অধিকার মানুষের জন্মগত অধিকার। অথচ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছলনার আশ্রয় গ্রহণ করে সাজা দেয়া হয়েছে এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞার খড়গো ঝুঁলিয়ে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প কোন পথ নেই বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, প্রেসিডিয়াম সদস্য শফিউদ্দিন ভূইয়া, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।