সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নিজেদের মারামারি আড়াল করতে সরকারকে দোষারোপ করছে বিএনপি: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন্য সরকারের ওপর দোষারোপের রাজনীতি করছে, তাদের এটি পরিহার করার অনুরোধ জানাই।’

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় সাংবাদিকরা বিএনপির অভিযোগ—হবিগঞ্জে তাদের সমাবেশে বিনা উসকানিতে পুলিশ গুলিবর্ষণ করেছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে যেখানেই সমাবেশ করে সেখানেই তারা নিজেরা মারামারি করে। হবিগঞ্জের আগে সিলেটে তাদের বিজয় দিবস উপলক্ষে ডাকা সমাবেশে চেয়ারে বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, সেই ভয়ে আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে মারামারির কারণে জনগণ আতংকিত। একই ঘটনা হবিগঞ্জেও। সেখানেও তাদের বিশৃঙ্খলা ও মারামারি ঠেকাতে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছিল, এছাড়া অন্য কিছু না।’

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব তো নিজেদের মারামারির বিষয়ে কিছুই বলছেন না’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে চিৎকার করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয় সেটা তাদের জন্য লজ্জাজনক। আমি মির্জা সাহেবকে অনুরোধ জানাবো, নিজেদের বিশৃঙ্খলা আড়াল করতে সরকারের ওপর দোষারোপের রাজনীতি পরিহার করুন।’

ড. হাছান মাহমুদ এসময় ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘সরকার ঘটনার তদন্ত করবে এবং যদি এ ঘটনায় কেউ দোষী হয় অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।’

পরে দুপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে ইত্তেফাক ভবনে পত্রিকাটির সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ও সম্পাদক তাসমিমা হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন ও বঙ্গবন্ধুর সংগ্রামে ইত্তেফাকের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীনতা-পরবর্তী সময়েও দেশ গড়ার কাজে ইত্তেফাক অবদান রেখে চলেছে।’

এসময় তিনি ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে ও এর পাঠকদের অভিনন্দন জানান। পাশাপাশি দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছার লক্ষ্যে ইত্তেফাকের ভূমিকা অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102