

মাদারীপুর প্রতিনিধি:বাংলাদেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফের নগদ অর্থ সহায়তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।চিফ হুইপ বলেন, যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারে নাই, তখন থেকে আমাদের দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। আমরা ভারত থেকে টিকা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।তিনি আরো বলেন, আমাদের করোনা মোকাবিলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। ভ্যাকসিন দেওয়ার সুযোগ এলে সবাইকে ভ্যাকসিন নিতে হবে। দুটো ভ্যাকসিন না দেওয়া থাকলে বা ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে আগামীতে হয়তো পৃথিবীর কোনো দেশে যেতে পারবে না। অনেক কাজ করার সময় ভ্যাকসিন সার্টিফিকেট চাওয়া হবে। করোনার ভ্যাকসিন আমাদের জীবনের একটা অংশ হয়ে যাবে।এসময় শিবচরের মোট ২৬ হাজার ২২ জনের মধ্যে ১১ কোটি সাত লাখ নয় হাজার ৯০০ টাকা দেওয়া হবেও জানান তিনি। পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।