

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ২৫ বছর ধরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঐক্যবদ্ধভাবে পথ চলছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আর ডিআরইউ ব্যতিক্রমী সংগঠন হিসেবে মুক্তমত ও বিভেদমুক্ত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
উৎসব উপলক্ষে ডিআরইউ এর দিনব্যাপী কর্মসূচিতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দেয়ালচিত্র, চিত্রাঙ্কন উৎসব ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন উৎসবে ৪০ জন (ডিআরইউ সদস্যদের সন্তানরা) অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে তাদের শুভেচ্ছা সনদপত্র ও উপহার দেয়া হয়। এছাড়াও রাত ১২টা ১ মিনিটে আতশবাজির কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ডিআরইউ সদস্য সন্তানদের চিত্রাঙ্কন উৎসবের প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। শিশু-কিশোরদের মেধা বিকাশে আজকের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি শুধু রিপোর্টার নিয়ে নয়, নতুন প্রজন্ম সত্যিকার অর্থে বাঙালি হয়ে উঠুক, এটা নিয়েও কাজ করছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, পাঁচ হাজার বছরের ইতিহাসে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। স্বাধীনতার ইতিহাসে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এখনো হচ্ছে।
শিশু-কিশোরদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশ গঠন করতে হলে মানুষের সামনে যেমন আশা থাকতে হবে, তেমনি জাতির সামনেও আশা থাকতে হবে। নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে যাতে তারা যেন মেধা, মনন দিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে।
ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বারক্ আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম পপলু, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিআরইউ’র সহ-সভাপতি ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলায়মান সালমান, সুশান্ত সাহা, মো. আল-আমিন, এসকে রেজা পারভেজ ও মো. তানভীর আহমেদ।