সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশদ্ভূত ৫ কাউন্সিলর নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪১৫ এই পর্যন্ত দেখেছেন

মিজানুর রহমান সুমন, অস্ট্রেলিয়া থেকে: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন সিটি কাউন্সিল থেকে এবারে পাঁচজন বাংলাদেশি বংশদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷ ৪ ডিসেম্বর কাউন্সিলগুলোতে ভোটগ্রহণ করা হয়৷

ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন এবং ক্যাম্বেলটাউন কাউন্সিলে বেশি সংখ্যক বাংলাদেশিদের বসবাস৷  এই দুটি কাউন্সিল থেকেই একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী  নির্বাচিত হয়েছেন৷ এর মধ্যে ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশি মহিলা হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার৷ তার স্বামী মোহাম্মাদ জামান টিটু এই কাউন্সিলেরই  কাউন্সিলর ছিলেন৷

ক্যাম্বেলটাউন থেকে নির্বাচিত হয়েছেন মাসুদ চৌধুরী৷ তিনি পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হলেন৷ এছাড়া ক্যাম্বারল্যান্ড কাউন্সিল থেকে একজন মহিলা প্রার্থীসহ দুইজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন৷

সমাজসেবিকা সাবরিন ফারুকী প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷ একই কাউন্সিল থেকে সুমন সাহা এই নিয়ে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হলেন৷ 

সিডনি শহর থেকে বেশ দূরে ডাব্বো সিটি কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন শিবলী চৌধুরী৷ সেই কাউন্সিলের তিনিই প্রথম ইমিগ্রান্ট কাউন্সিলর৷ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে৷ সরকারের সংবাদ সংস্থা এবিসি নিউজের দেয়া তথ্যমতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে অন্তত আরও একজন বাংলাদেশির বিজয়ের সম্ভাবনা রয়েছে৷

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যটিতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি বসবাস করেন৷ এর মধ্যে বিভিন্ন কাউন্সিল থেকে ৫ জনের কাউন্সিলর নির্বাচিত হওয়াটা বেশ বড় সুখবর৷ অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের এই সাফল্যে কমিউনিটিতে সাধারণ মানুষ খুবই আনন্দিত৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102