শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সরকার: রিজভী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সরকার খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকার সংকীর্ণতার উর্ধ্বে উঠতেই পারছে না মন্তব্য করে তিনি বলেন, সমস্ত মানবিকতাকে বিসর্জন দিয়ে প্রতিহিংসা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ থেকে স্বচ্ছ ও অবাধ নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক রাজনীতি, মৌলিক মানবাধিকার, মানবিক মর্যাদা, অন্যের প্রতি সম্মান মুছে ফেলার জন্যই দেশের গণতন্ত্রের প্রতীক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর খাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে সরকার। তাকে জেলবন্দী অবস্থায় অসুস্থ করা হয়েছে পরিকল্পিতভাবে। তার প্রতি সহানুভুতিশীল আচরণ দুরে থাক, তার মানবাধিকারকেও হরণ করা হয়েছে। 

খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। গতকাল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডও তার শারীরিক অসুস্থতার বিষয়ে বিস্তারিত যা তুলে ধরেছেন তা উদ্বেগজনক। সেখানেও চিকিৎসকরা তার অবনতিশীল গুরুতর শারীরিক অবস্থার কথা বলেছেন। এক প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে বিএনপি চেয়ারপারসনের জীবন। দেশে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকী নেই। বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করতে হলে অবিলম্বে বিদেশে উন্নত ট্রিটমেন্ট প্রয়োজন।

ফ্যাসিবাদ আজ উগ্র রুপ ধারণ করেছে বলেই দেশের বৃহত্তম দলের নেত্রী চিকিৎসাধীন অবস্থায় ধুকছেন মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিষ্টরা সহমর্মিতা, সহানুভুতির ধার ধারে না। এরা নির্দয় দমন-পীড়ণে সকল সমালোচনা ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কাজেই ব্যাপৃত থাকে। বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদ এখন পৃথিবীতে দৃষ্টান্তহীন নির্মমতার ভয়ানক রুপে আত্মপ্রকাশ করেছে।

এসময় বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে জোর দাবি জানান রিজভী।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১ টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102