

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে বিএনপিকে জোরালো ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তিনি।
বর্তমান সরকার বিগত ১২ বছর ধরে আবারও মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ তাদের সব অধিকার হারিয়ে ফেলেছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেয়া হয়েছে। এখন গণতন্ত্রকে পুনরুদ্ধার ও প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি।
সেজন্যই প্রথমে আমাদেরকে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে আমাদের জোরালো ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্য অর্জনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা জোগাবে।
শহীদ ডা. মিলন দিবস প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। তার আত্মদানের মধ্য দিয়ে নয় বছরের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চুড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়। স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিলো তার দৃঢ় প্রতিজ্ঞা। বুকের রক্ত ঢেলে তিনি এদেশে গণতন্ত্র পূনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। যে পথ বেয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।
বিএনপি মহাসচিব আজকের এই দিনে ডা. মিলনসহ শহীদদের রক্তস্নাত হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান।