

স্টাফ রিপোর্টার, কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কক্সবাজারে রক্তের হোলি খেলা চলতে দেয়া যাবে না। এটি ট্যুরিস্ট প্লেস। এখানে টুরিস্টরা আসবে। আমরা শুনেছি, এখানে কয়েকটা প্রাণহানি হয়েছে। আর কোন সহিংসতা, আর কোন প্রাণহানি যেন এখানে না হয়। আমরা কোন সন্ত্রাসী দেখতে চাইনা, রক্তপাত দেখতে চাইনা।
কক্সবাজারে আজ সোমবার বিকেলে টুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে বলনে, আপনারা কঠোর হোন। আর কোন সহিংসতা যেন এখানে আমাদের আর দেখতে না হয়। আপনি যেভাবে পারেন এর ব্যবস্থা করুন।
তিনি বলেন, যদি রোহিঙ্গারা রক্তপাত ঘটায়, মাদক আনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।
মন্ত্রী বলেন, ট্যুরিস্ট পুলিশ গঠিত হয়েছে বলেই পর্যটকরা এখন নির্বিঘ্নে ভ্রমণ করতে পারছেন। ১০ বছর আগেও পর্যটকরা এখনকার মত স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারতেন না।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, টুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে টুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যালিটি সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়।