

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সস্ত্রীক কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অস্টগ্রামের হাওড় এলাকার দৃষ্টিনন্দন অলওয়েদার সড়কপথ পরিদর্শন করেছেন। শনিবার একদিনের সফরে তিনি হাওড়কন্যা কিশোরগঞ্জ এর সৌন্দর্য উপভোগ করলেন।
মন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে বেলা ১২টায় প্রথমে হাওড় পর্যটন ও বৃহত্তর হাওড়াঞ্চলের ‘গেটওয়ে’ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে আসেন। সেখানে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
সেখান থেকে স্পিডবোটে পররাষ্ট্রমন্ত্রী মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে যান।
গাড়িতে তিনি ৩০ কিলোমিটার অলওয়েদার সড়কপথে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম জিরো পয়েন্টে যান। এ সময় তারা অলওয়েদার সড়কের অনেকটা পথ পায়ে হেঁটে উন্মুক্ত হাওড়ের শীতল আলো-বাতাস উপভোগ করেন।
হাওড় পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বিকাল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন।