

স্টাফ রিপোর্টার: দেশে সুশাসন নিশ্চিত করাই জাতীয় পার্টির মূল রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপস করবে না বলেও জানান তিনি।
জিএম কাদের বলেন, গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে। প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছে। সাধারণ মানুষ এখনও বলছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। আবারও দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
এছাড়া আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।