

টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর সহযোগিতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ‘তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বেলা ৩টায় উপজেলার ফুলছড়া মাঠে এ মেলার শুভ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আব্দুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার। মেলায় গেস্ট অফ অনার হিসেবে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থি থাকবেন।
বুধবার দুপুরে ট্যুরিজম বোর্ডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান, ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন প্রমুখ।
ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, পর্যটন শিল্পকে বিকশিত করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এই হারমোনি ফেস্টিভাল মেলার আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবারসহ বিভিন্ন কৃষ্টি-কালচার তুলে ধরবে এবং থাকবে সাংস্কৃতিক আয়োজন।