

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন এবং ত্রিপুরা রাজ্যের আগরতলার হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী ট্যুর অপারেটর মনিষ চক্রবর্তীর সাথে দু,দেশের পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন ভারতের ব্যবসায়ীরা। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব।
সফরকালে অতিথিরা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিদর্শন করেন। সেখানে চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক তাদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন। এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা।
সফরকালে ভারত ও বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দু-দেশের পর্যটকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি নিয়ে মতবিনিময় হয়। আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রসঙ্গত, ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার জেলা প্রশাসক শ্রীমতি মেঘা জৈন এরঁ বাবা।