পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেবীগঞ্জ পৌরসভার নতুন বন্দর ৯নং ওয়ার্ডের বাসিন্দা চান মিয়ার ছেলে মোঃ নুরনবী (২৫) এবং একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে মোঃ লাবু ইসলাম (২৩) কে মাদক সেবনের সময় মাদক ট্যাপেন্টাডল ও সরঞ্জামসহ হাতেনাতে আটক করেছে পুলিশ। মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে নতুন বন্দর মগবাজার এলাকা তাদের আটক করে।
পরবর্তীতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দক্ষ টিম সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, দেবীগঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।