

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলাধীন ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
সোমবার(৮ এপ্রিল) শ্রীমঙ্গলের নটর ডেম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য মোঃ কাওছার ইকবাল এবং উম্মে নাফিসা মায়মুনা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপ পরিচালক মোঃ এরশাদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুহিবুল্লাহ আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) শামসুন্নাহার পারভীন, নটর ডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রশান্ত নিকোলাস ক্রুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রকের সহ-সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সুচিত্রা ধর, সাধারণ সম্পাদক আব্দুর রউপ তালুকদার, সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, অয়ন চৌধুরী, উম্মে নাফিসা মাইমুনাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সোমবার (৬ এপ্রিল) ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে বাছাই পর্ব অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। বিতর্কের বিষয় ছিল আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ।
বুধবার (৮ এপ্রিল) নটের ডেম স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। বিতর্কের বিষয় ছিল অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ এবং জবাবদিহিমুলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে।
সেমিফাইনালে অংশগ্রহণ করে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বাডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং নটর ডেম স্কুল এন্ড কলেজ। সেমিফাইনালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও নটর ডেম স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে নটর ডেম স্কুল এন্ড কলেজকে হারিয়ে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়নের পুরস্কার লাভ করে।
সেরা বিতার্কিকের পুরস্কার লাভ করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোঃ আসাদুজ্জামান শিহাব। চূড়ান্ত পর্বে মডারেটরের দ্বায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিরুদ্ধ সেনগুপ্ত, বিচারকের দ্বায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, ঝুমু রাণী দেবনাথ ও স্বপ্না মজুমদার।
বক্তারা বলেন, এসব আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা আরও মেধাবী হবে এবং নীতি নৈতিকতায় উদাহরণ সৃষ্টি করবে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের নেতৃত্বে ও প্রতিনিধিত্বে অপার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের জন্য দুদকের এসব আয়োজনের মাধ্যমে মাইলফলক সৃষ্টি হবে। তবে বিতর্কের মতো অতি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় সরকারের আরও বেশি করে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।