

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)। তার নিজ বাসভবনে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে, যা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।
শুক্রবার উৎসবের প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের কমলগঞ্জে এমপি’র বাড়ি কুশালপুরে নিয়ে আসা হয়। এ সময় তিনি নিজ হাতে শিশুদের নতুন পোশাকও পরিয়ে দেন।
পরে সংসদ সদস্যের সহধর্মিণী, পুত্রবধূ, কন্যা, মৌলভীবাজার জেলা প্রশাসকের সহধর্মিণী, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণীসহ পরিবারের নারী সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। আনন্দঘন পরিবেশে শিশুরা ঈদের আনন্দে মেতে ওঠে। এছাড়া শিশুদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের আয়োজন করা হয়। তাদের প্রত্যেককে খাবারের প্যাকেটও প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, সংসদ সদস্য হওয়ার আগ থেকেই মুজিবুর রহমান চৌধুরী মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। পথশিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমার এলাকায় ‘সুবিধাবঞ্চিত’ বা ‘পথশিশু’ শব্দগুলো মুছে দিতে চাই। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করাই আমার লক্ষ্য’।