রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

যশোরে গোডাউন সিলগালা

বৈধ কাগজপত্র না থাকায় ৭৭ নতুন মোটরসাইকেল জব্দ

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির একটি গোডাউন থেকে ৭৭টি সম্পূর্ণ নতুন আমেরিকান ‘ইউএন’ কোম্পানির মোটরসাইকেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করা হয়। জব্দ মোটরসাইকেলগুলো আপাতত সেখানেই রাখা হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, এর আগেও একই গোডাউনে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর পুনরায় অভিযানে গিয়ে দেখা যায়, গোডাউনে বিপুলসংখ্যক নতুন মোটরসাইকেল মজুত রয়েছে। গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি অনুমোদন কিংবা অন্য কোনো বৈধ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন।

মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার অজুহাত দেখিয়ে ঘটনাস্থলে অনুপস্থিত থাকেন এবং পরে ১০ দিনের সময় প্রার্থনা করেন। তবে পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট বিলম্ব না করে গোডাউন সিলগালা ও মোটরসাইকেল জব্দের নির্দেশ দেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করা না হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারি হেফাজতে নেওয়া হবে।

অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ আমদানি, মজুত ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102