

যশোরের শার্শা উপজেলাধীন বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি ) দুপুরে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬শ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করেন।
এ সময় মো. আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার মনিগ্রাম সুখপুকুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬শ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করা হয় এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।