শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন

এবারের ভোটে জালিয়াতির কোনো সুযোগ নেই,

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে বর্তমান প্রেক্ষাপটে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে।
 ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে বিএনপি অংশ নিতে পারেনি, আর একটিতে অংশ নিলেও ভোটের ফল আগেই নির্ধারিত ছিল। ২০২৪ সালের নির্বাচনের সময় আমরা সবাই কারাগারে ছিলাম। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। তাই এবারের ভোটে কোনো ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই।”
জামায়াত ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে জামায়াত পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশের স্বাধীনতাকে রুখে দিতে চেয়েছিল। তারা কখনোই স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে ছিল না। জামায়াত যদি ক্ষমতায় আসে, তাহলে দেশে আবারও একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হবে।”
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে দায়িত্বে থাকা সরকার একটি নিরপেক্ষ সরকার এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আগ্রহী। ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। এবারের নির্বাচনে আর জোরজবরদস্তি বা রাতের ভোট হবে না।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না।”
মির্জা ফখরুল আরও বলেন, “এটি আমার জীবনের শেষ নির্বাচন।” এ সময় তিনি হিন্দু-মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে তাকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। জনগণের আমানতের কোনো খেয়ানত করা হবে না বলেও তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102