মৌলভীবাজার সদর উপজেলার মরহুম ডাক্তার সৈয়দ আব্দুল আজীম ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়াডস্থ বড়কাপন, শেখেরগাঁও, দ্বারক, পূর্ব হিলালপুর, খিদুর ও উত্তর মোস্তফাপুর সহ আশপাশ এলাকার ২ শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন।
বড়কাপন সৈয়দ বাড়ির আয়োজনে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ হাবিব হেলথ কেয়ার হাসপাতাল কমপ্লেক্সে মরহুম ডাক্তার সৈয়দ আব্দুল আজীম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ঢাকা শিশু হাসপাতালের নবজাতক, কিশোর ও শিশু রোগ বিশেষজ্ঞ প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ শফি আহমেদ মুয়াজ, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অরুনাভ রায় প্লাবন, এমবিবিএস (DU) সিএমইউ (Ultra) জেনারেল ফিজিশিয়ান ডাঃ মোহাম্মদ ফয়সল উদ্দিনের নেতৃত্বে এবং ফর্মাসিষ্ট সুদীপ ধর, সৈয়দ আরমান, গিলমান রাজা, জসিম উদ্দিন, রিফাত রাজা, আরিফুর রহমান, সোহান ইসলামের সহযোগিতায় একঝাঁক দক্ষ চিকিৎসক দল শিশু ও সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান এবং বিশেষ পরামর্শ প্রদান করেন।
মরহুম ডাক্তার সৈয়দ আব্দুল আজীম ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন প্রজেক্টের সমন্বয়ক বৃটেন প্রবাসী তরুণ সংগঠক সৈয়দ করিম ছায়েম এর সার্বিক পরিচালনা ও নির্দেশনায় এসময় ক্যাম্প বাস্তবায়ন প্রজেক্টের উপদেষ্টা সৈয়দ এ.কে. রিয়াজ উদ্দিন, শমশেরনগর হাসপাতাল কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বাংলাদেশ/অভ্যন্তরীন) ও বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), হাবিব হেলথকেয়ার হাসপাতালের ব্যবস্থাপক সৈয়দ মনসুর আলী (জাকির) আহমদ, সাংবাদিক এনামুল হক আলম, মমশাদ রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন বিভিন্ন সময়ে বৃটেনে অবস্থানরত সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, সৈয়দ শিহাব উদ্দিন, সৈয়দ করিম রুমেল, সৈয়দ করিম তামিম, আমেরিকা প্রবাসী সৈয়দ রুহেল, সৈয়দ মোফাজ্জল করিম এবং দেশ থেকে সৈয়দ ফুয়াদ প্রমুখ ভিডিও কলে সংযুক্ত হয়ে চিকিৎসা সেবা প্রদানের নানান খোঁজখবর নেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহীতা বিভিন্নজনের সাথে আলাপকালে তারা জানান, এখানে এসে ফ্রিতে উন্নতমানের চিকিৎসা সেবা পেলাম। বিশেষ করে শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা এখানে উন্নত চিকিৎসাসেবা এবং ঔষধ পাচ্ছে। এতে অসহায়দের উপকার হয়েছে। এটা খুবই প্রসংশনীয় উদ্যোগ। প্রতি বছর এ রকম আয়োজন করলে এলাকার গরীব অসহায়রা উপকৃত হবে।
মুঠোফোনে আলাপকালে মরহুম ডাক্তার সৈয়দ আব্দুল আজীম ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন প্রজেক্টের উদ্যোক্তা সৈয়দ ফুয়াদ বলেন, আমার শ্রদ্ধেয় আব্বার হাত ধরেই সৈয়দ আব্দুল আজিম ফ্রি মেডিকেল ক্যাম্প এর পথচলা শুরু হয়েছিল। মাঝে দীর্ঘ বিরতির পর আমার ছোটভাই বৃটেন প্রবাসী সৈয়দ করিম ছায়েম পুনরায় এই ক্যাম্পের আয়োজন করে আমাদের সেই পুরোনো স্মৃতিগুলোকে আবার প্রাণবন্ত করে তুলেছে। আজকের এই ক্যাম্পটি পরিচালিত হচ্ছে আমার আরেক ছোট ভাই অধ্যাপক ডাঃ সৈয়দ শফি আহমেদ মুয়াজ এর তত্ত্বাবধানে। পরিবারের সবাই মিলে মানুষের সেবায় এভাবে যুক্ত হতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি বিষয়।
আলাপকালে ক্যাম্প বাস্তবায়ন প্রজেক্টের অপর উদ্যোক্তা ঢাকা শিশু হাসপাতালের নবজাতক, কিশোর ও শিশু রোগ বিশেষজ্ঞ প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ শফি আহমেদ মুয়াজ বলেন, খুবই সুন্দর ও মনোরম পরিবেশে এবং ভালো ও উন্নত ব্যবস্থাপনায় এখানে ২ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আমাদের নিজস্ব উদ্যোগে সীমিত আকারে মানুষকে বিভিন্ন স্বাস্থ্যসেবা দিতে পেরে ভালো লাগছে।
মরহুম ডাক্তার সৈয়দ আব্দুল আজীম ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন প্রজেক্টের সমন্বয়ক বৃটেন প্রবাসী তরুণ সংগঠক সৈয়দ করিম ছায়েম জানান, দেশে এসে হুট করে পরিবারের সবার সাথে আলাপ আলোচনা করে চিকিৎসাসেবা প্রদানের সিদ্ধান্ত নেই। দু’দিন ধরে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে রোগীদের টোকেন দিয়ে আসি। এর ফলে আজ রোগীরা এসে স্বাচ্ছন্দ্যে সেবা গ্রহণ করেছেন। শুধুই ৯নং ওয়ার্ড এলাকা নয়, আশপাশের অনেক এলাকা থেকেও রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন দেখে ভালো লাগলো। আজকের আয়োজন সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোনপ্রকার ঝুটঝামেলা ছাড়া আগত রোগীদের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।