পঞ্চগড়ে পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মাদরাসার সুপার সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৮-বিজিবি ব্যাটালিয়নের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রিনা আক্তার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী সাইফুল ইসলাম শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার।
স্থানীয়রা জানান, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন মাদরাসার সুপার সাইফুল ইসলাম ও তার স্ত্রী রিনা আক্তার। পথে বিজিবি ব্যাটালিয়ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিডব্রেকারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারান সাইফুল ইসলাম। মুহূর্তেই রিনা আক্তার ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে অবৈধ স্পিডব্রেকার অপসারণের দাবি জানায়। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।