

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর আয়োজনে অনুষ্ঠিত চা শ্রমিক কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এডভোকেট আবুল হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজেকুজ্জামান রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সমন্বয়ক জুনায়েদ আহমেদ, সিলেট জেলা শাখার আহবায়ক আবু জাফর, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাং প্রমুখ। এসময় বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি শ্রম সংস্কার কমিশনের কমিশন এর কাছে তুলে ধরেন।
কনভেশনে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, চা বাগানের শ্রমিকরা তাদের বঞ্চনার ইতিহাস ১৭০ বছরের বেশী সময় ধরে বয়ে বেড়াচ্ছেন। আমি বাংলাদেশ ঘুরে দেখছি শ্রমিকদের দুঃখ বঞ্চনার বিষয়গুলো। চা বাগানে ৭টি ভ্যালি রয়েছে। আমরা এই ৭টি ভ্যালীতে আলাদা আলাদা কনভেনশনের আয়োজন করবো। চা শ্রমিকদের দাবির বিষয়গুলো বাস্তায়ন করতে কাজ করে যাচ্ছি। চা বাগান নিয়ে কাজ করেন এমন সংগঠন ও মানুষদের সাথে আমি আলোচনা করে বেড়াচ্ছি। চা বাগান নিয়ে অনেক প্রকাশনা সংগ্রহ করেছি।