

স্টাফ রিপোর্টার, বাহরাইন: বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম দেশটির সংস্কৃতি ও প্রত্নতত্ব বিষয়ক সংস্থার প্রধান শেখা মাই বিনতে মোহাম্মদ আল খলিফার নিজ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে মুদ্রিত ‘বুক অব মস্ক’ এর প্রথম এডিশনের (২০১৮) রিপ্রিন্ট (২০২১) এর একটি কপি উপহার দেন।
উল্লেখ্য, এতে শেখা মায় মুখবন্ধ লিখেছেন। একই সঙ্গে রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর একটি কপি তার হাতে তুলে দেন। শেখা মাই সংস্কৃতি ও ইতিহাস বুঝতে এ ধরনের বইয়ের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতি ও কলা বিষয়ক মহাপরিচালক শেখা হালা বিনতে মোহাম্মদ আল খলিফা। এ সময় যৌথ সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যকার সাংস্কৃতি সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
ড. মো. নজরুল ইসলাম সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জনে সব পক্ষকে সম্পৃক্ত করার বিষয়ে তার ক্রমাগত আগ্রহের জন্য শেখা মাইকে ধন্যবাদ জানান। ২০২১-এ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বছরের মধ্যেই দূতাবাস একটি ফিল্ম ফেস্টিভ্যাল ও স্বনামধন্য চারুশিল্পীর চিত্রকলা প্রদর্শনীর পাশাপাশি ফুড ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা করেছে।
তিনি বলেন, তার দেশের অনেক সাংস্কৃতিক দিক রয়েছে যা তিনি বাহরাইনের জনগণের সঙ্গে ভাগাভাগি করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দূতাবাস এবং সাংস্কৃতি অধিদপ্তর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় ও দৃষ্টিভঙ্গির লক্ষ্য অর্জনে সাংস্কৃতিক অঙ্গনে একযোগে কাজ করে যাবে।
বৈঠকে শেখা মাই বিনতে মোহাম্মদ আল খলিফা যে কোনো জাতির মাঝে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সেতু বন্ধন নির্মাণে সংস্কৃতির গুরুত্ব এবং বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বৈঠক শেষে সভাপতি ও মহাপরিচালক উভয়কেই বাংলাদেশি শিল্পীর চিত্রকর্ম ও বাংলাদেশের চামড়াজাত পণ্যসামগ্রীর স্যুভেনির উপহার দেন।