

ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রতকুমার বর্মনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) অভিযোগের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব পলি করস্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযোগকারী আকচা ইউপি সচিব রিজওয়ানা মুস্তারী বর্না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, ভয়ভীতি ও হুমকি প্রদান এবং জোরপূর্বক চেকবইতে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
একই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু ঠাকুরগাঁও সদর উপজেলাধীন ৩নংআকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায়স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায়বর্ণিত অপরাধে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আকচা ইউপি সচিব রিজওয়ানা মুস্তারী বর্না বলেন, চেয়ারম্যান সুব্রতকুমার বর্মন চলতি বছরের গত ৬ এপ্রিল অফিস বন্ধ থাকার পরও আমাকে পরিষদের ডেকে আনেন এবং চেকবইতে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করেন। এসময় তিনি আমাকে অনেক ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করলে পরদিন ৭এপ্রিল তৎকালীন জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করি । তিনি অভিযোগ গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। প্রাথমিকভাবে তদন্তে চেয়ারম্যানের অপরাধ প্রমাণিত হয়। কিন্তু আওয়ামী লীগ নেতাদের চাপেরকারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লেগেছে।