

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারটিকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক ও অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এসময় তিনি বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। তবে আমরা আগেই বলেছি, এখনই কোনো রাজনৈতিক দল খোলার অভিপ্রায় আমাদের নেই।
আসিফ মাহমুদ বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সবাই নিজেদের পেশাগত জীবনে ফিরে যেতে চান। দেশের মানুষ অভুত্থানের মাধ্যমে যে দায়িত্ব আমাদের দিয়েছেন, সেটি যথাযথভাবে পালন করে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, আমরা সংস্কারের আগে নির্বাচন চাই না। আমাদের বক্তব্য অনুযায়ী, যে সংস্কারের কথা আমরা বলছি তা একদফারই অংশ। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অভুত্থানের মধ্য দিয়ে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো করা প্রয়োজন।
আসিফ মাহমুদ জানান, রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার কাজ চলছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও উপদেষ্টা আদিলুর রহমান খান এই কাজের নেতৃত্ব দিচ্ছেন। তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং জনগণের কথা শোনার চেষ্টা করছেন।
গার্মেন্টস সেক্টরে অস্থিরতা প্রসঙ্গে আসিফ বলেন, গত শনিবার আমরা বিজিএমইতে আলোচনা করেছি এবং বর্তমানে আনরেস্টের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে নেমে এসেছে। কিছু নির্দিষ্ট কারখানায় পরিস্থিতি অস্থির থাকলেও আমরা আশা করছি তা দ্রুত স্বাভাবিক হবে।
তিনি বলেন, আমরা একটি পর্যবেক্ষণ সেল গঠন করেছি, যেখানে শ্রমিকেরা অভিযোগ জানাচ্ছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছি।
আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে সব সময় ভালো উদ্যোগকে বিতর্কিত করার কিছু মানুষ থাকে। তবে আমরা মনে করি, জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে পারব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খান। অনুষ্ঠানে বিভিন্ন বিদেশি সংস্থা, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম