বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

বৃষ্টি কমলেও বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বর্ষণ হতে পারে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হয় এ বৃষ্টি। শনি ও রবিবার রাজধানীতে দিনভর বৃষ্টি হয়। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টির সঙ্গে ছিল বাতাস। রাজধানীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। দিনভর বৃষ্টির ফলে মানুষকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। রোজগার করতে না পারায় বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষ আর ভবঘুরেদের।

সোমবারও সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে আসতে পারে; বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের সৈয়দপুরে ৩১ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ঢাকার টাঙ্গাইলে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ঢাকার আরিচায় ১৮৯ মিলিমিটার। এছাড়াও ঢাকায় ১৩৮, ফরিদপুরে ১৩০, বাঘাবাড়ি ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় ভোর ৫টা ৪৬মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102