

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য পুরস্কার হিসেবে বোনাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
পাকিস্তানের সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেলেন ক্রিকেটাররা।
রাজধানীতে এক হোটেলে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে বোনাসের অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের এই বোনাস দেওয়া হয়েছে। আমরা তাদের বোনাস যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর করার চেষ্টা করবো। আমি মনে করি, এটি খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে।’
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানান অধিনায়ক শান্ত। পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাট উপদেষ্টা আসিফকে উপহার দেন টাইগার অধিনায়ক।
বোনাসের একটি অংশ বন্যার্তদের সহায়তায় দেওয়ার কথাও জানান শান্ত। বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে টাইগার দলপতি বলেন, ‘আমাদের বোনাসের একটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আমরা সব ক্রিকেটাররা একমত হয়েছি। আমি আশা করবো, দেশের সবাই তাদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।’
র্যাঙ্কিং অনুযায়ী একেক দলকে হারালে ভিন্ন অঙ্কের বোনাস পাওয়ার রেওয়াজ আছে। পাকিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এবং বাংলাদেশ সিরিজ জেতায় বোনাসের অঙ্ক বেড়েছে।
ক্রিকেটারদের সঙ্গে চুক্তি অনুযায়ী, র্যাঙ্কিংয়ে ১-৬ নম্বর দলের বিপক্ষে টেস্ট জিতলে ম্যাচ প্রতি ৪ লাখ টাকা করে বোনাস পান ক্রিকেটাররা। এটা ম্যাচ ফির ৬ লাখ টাকার বাইরে। এবার দুই ম্যাচ জেতায় ক্রিকেটাররা ৮ লাখ টাকা পাবেন। সঙ্গে সিরিজ জয়ের জন্য বাড়তি আরো ৪ লাখ টাকা যোগ হচ্ছে। চুক্তি অনুযায়ী এই ১২ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা।
এর বাইরে বোর্ড সভাপতির তরফ থেকে দুটি বোনাস ঘোষণা করা হয়েছে। যাতে করে সংখ্যাটা দাঁড়িয়েছে ২০ লাখে।
নিউজ /এমএসএম