শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার বিরোধী নেতাকে আশ্রয় দিচ্ছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেসকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। দক্ষিণ আমেরিকার দেশটিতে গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক শুরুর পর থেকে আত্মগোপনে ছিলেন গঞ্জালেস। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোস ম্যানুয়েল আলবারেস রোববার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইউরোপীয় দেশটিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন গঞ্জালেস এবং অবশ্যই এই আবেদন গ্রহণ করা হবে।

এর আগে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে, ভেনেজুয়েলার এই বিরোধী নেতা স্পেনের একটি সামরিক বিমানে রওনা হয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে, ভেনেজুয়েলার সব মানুষের রাজনৈতিক অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ স্পেন।

এর আগে ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, কিছুদিন আগে কারাকাসে স্প্যানিশ দূতাবাসে ‘স্বেচ্ছায়’ আশ্রয় নেন এডমুন্ডো গঞ্জালেস। এরপরেই তিনি স্পেন সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চান।

ভাইস প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিরোধী নেতাকে নিরাপদে দেশত্যাগ করতে সম্মতি দিয়েছিল সরকার এবং সেই মোতাবেক তিনি চলে গেছেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, গঞ্জালেস নিজের অনুরোধেই স্প্যানিশ বিমানবাহিনীর একটি প্লেনে দেশত্যাগ করেছেন।

গত ২৮ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত ওই নির্বাচনে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করে সরকার নিয়ন্ত্রিত জাতীয় নির্বাচনী কাউন্সিল (সিএনই)। তবে সেই ফলাফল দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বিরোধীরা। তাদের দাবি, নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে ক্ষমতাসীনরা। এরপর থেকেই ভেনেজুয়েলায় অস্থিরতা শুরু হয়। যদিও নির্বাচনের ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মাদুরো সরকার।

এদিকে গঞ্জালেসের একজন আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, বিরোধী দলীয় এ নেতা স্পেনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

নির্বাচনের পর থেকে বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত এবং আরও ১৯২ জন আহত হয়েছে। মাদুরো সরকার জানিয়েছে, তারা প্রায় ২৪০০ মানুষকে গ্রেফতার করেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102