শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিটিসিএলকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করতে বললেন উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বিটিসিএল এর সেবা নিশ্চিত করতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় বিটিসিএল এর কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাংলাদেশের এক মাস পূর্তিতে অভ্যুত্থানে সব শহীদ এবং আহতদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশের সব মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে। বর্তমানে যে সময় আছে, তাকে কাজে লাগিয়ে সংস্কারের কাজ করা হবে। দেশবাসী এটাই প্রত্যাশা করছে এবং আমরা সর্বক্ষেত্রেই এমন সংস্কার করতে চাই যাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী লাভবান হবে।

উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ আছে কিন্তু সেটা জনগণের কাছে কেন পৌঁছায় না তার কারণ খুঁজে বের করতে হবে। আমাদের সীমাবদ্ধ থাকতে পারে, তার মধ্যে থেকেই জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, বিটিসিএল এর প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তা বন্ধ করাসহ বিটিসিএল এর বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো নিষ্পত্তি করা প্রয়োজন। বিটিসিএল এর কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অডিট আপত্তি রয়েছে এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে আপত্তি নিষ্পত্তি করা প্রয়োজন।

হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএল এর অত্যন্ত লাভজনক একটি এপ্লিকেশন ‘আলাপ’ উদ্বোধন করা হয়েছিল এতে বিটিসিএল ব্যাপকভাবে লাভবান হত, কিন্তু হয়নি। ‘জিপন’ নামক খুবই জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেয় বিটিসিএল। ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপনকে জনপ্রিয় করা প্রয়োজন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার। আমারা নতুন আঙ্গিকে, নতুন প্রচেষ্টায় দেশকে গড়ে তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাব। রাষ্ট্রের কাজ হলো জনগণকে সেবা দেয়া। বর্তমান সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তা বাস্তবায়ন করতে হলে জনগণের মাঝে সমতার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন মুশফিকুর রহমান।

সচিব বলেন, সেবা দানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলো সংস্কার করা হবে এবং সেবা দানের পদ্ধতিকে সহজ করতে হবে যাতে মানুষ সহজেই সেবাগুলো পায়। মতবিনিময় সভায় বিটিসিএল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102