

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামি দলগুলোর প্রতিও এসময় আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এ সভা। রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এই মতবিনিময় সভা হবে। প্রধান উপদেষ্টা যেসব দলের সঙ্গে বৈঠকে বসবেন সেইগুলো হলো- খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ ও ১২ দলীয় জোট, গণফোরাম ও জাতীয় পার্টি।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।
প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত ২৪ অগাস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে ‘অতি দ্রুত’ সংলাপের দাবি জানাচ্ছিলেন।
গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে উপদেষ্টা মতবিনিময় করবেন।
নিউজ /এমএসএম