রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

যেসব দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে সাতটি ইসলামি দলের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় এ সভায়।

সভার প্রথম ঘণ্টায় অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা।

বর্তমানে ইসলামী আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন চরমোনাই পীর রেজাউল করীম। তার সঙ্গে আছেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম।

এর আগে খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। তার সঙ্গে ছিলেন মহাসচিব আহমেদ আবদুল কাদের, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেন দলটির আমির ইউসুফ আশরাফ। তার প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মামুনুল হক ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন। জমিয়তে উলামে ইসলামের একাংশের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দি।

হেফাজতে ইসলামের নেতৃত্ব দেন মহাসচিব সাজেদুর রহমান। তার সঙ্গে আছেন আজিজুল হক, কেন্দ্রীয় নেতা মুনীর হোসেন কাশেমী। নেজামী ইসলামের নেতৃত্ব দেন নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক। তার সঙ্গে ছিলেন মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম। খেলাফত আন্দোলনের নেতৃত্বে ছিলেন নায়েবে আমির মজিবুর রহমান হামেদি।

বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা এই মতবিনিময় সভা চলার কথা রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিন পর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।

প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত ২৪ অগাস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে ‘অতি দ্রুত’ সংলাপের দাবি জানাচ্ছিলেন। গত বৃহস্পতিবার মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে উপদেষ্টা মতবিনিময় করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102