

সরকারকে সহযোগিতার পাশাপাশি দাবি-দাওয়া পূরণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
ফাওজুল কবির খান বলেন, ‘দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে, সেটি মাথায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের কথা ভাবা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা বলেন, ‘এই সরকার বানে ভেসে আসা কোনো সরকার না। জনগণ আমাদের সঙ্গে আছে। সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। যত দাবি-দাওয়া আছে, সবই পূরণ করা হবে। ১৬ বছরের যে বৈষম্য, বঞ্চনা এটা কি ১৫ দিনে দূর করা সম্ভব? আমাদেরকে অন্তত ১৬ মাস সময় দিন।’
এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানান, সিএনজি ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে যারা বেশি রাখছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ /এমএসএম