

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরাফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানালেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেই সঙ্গে আরাফতের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম।
এ বিষয়ে হিরো আলম বলেন, কিছুক্ষণ আগে সংবাদমাধ্যমে জানতে পারলাম আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য মিষ্টি নিয়ে গুলশান থানায় যাচ্ছি। এখানে আশপাশে যারা আছেন তাদের মিষ্টি খাওয়াব।
তিনি আরো বলেন, বুধবার (২৮ আগস্ট) আরাফাতের নামে হত্যা মামলা দায়ের করব। এ জন্য ইতোমধ্যে সিদ্ধান্তও নিয়েছি। কেননা এর আগে নির্বাচনের সময় আমাকে হত্যাচেষ্টা করেছিল সে। এমনকি আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছেন আরাফাত। এ কারণে তার নামে মামলা করব।
গত বছর ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর। নির্বাচনে অংশ নেয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই দিনই তিনি জানিয়েছিলেন তাকে পেটানো সেসব লোকজন আরাফাতের সমর্থক।
গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এমনকি কেউ কেউ গোপনে দেশ ছাড়তে গিয়ে আটকও হন। এরইমধ্যে হিরো আলম জানান―আরাফাতকে খোঁজছেন তিনি। ওই সময়ও তার জেতা আসন আরাফাত ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর।
এদিকে, এদিন দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, আরাফাত গত ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন বলে খবর আসে। পরে সে মোতাবেক সেখানে অভিযান চালানো হলে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
নিউজ /এমএসএম