

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে পেয়েছে ভারত। রবিবার (২৫ আগস্ট) প্রথম সেমিফাইনালে নেপাল ও ভুটান মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে বাংলদেশ-ভারত খেলবে। ২৮ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। বয়সভিত্তিক সাফে বাংলাদেশের বেশ সাফল্য থাকলেও অনূর্ধ্ব-২০ দল কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা।
গ্রুপ পর্বে স্বাগতিক নেপালের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। এতেই সামনে এসে দাঁড়িয়েছে ভারত। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে জায়গা করে নেয় ভারত।
অন্যদিকে একইদিন কাঠমান্ডুতে মারুফুল হকের দলের রিকভারি সেশন হয়। শনিবার থেকে সেমির জন্য মাঠের অনুশীলন শুরু হচ্ছে। এর আগে দলের স্কোরার মিরাজুল ইসলাম আত্মবিশ্বাসী সুরে বলেন, ‘ফাইনালে গেলে হয়তো ভারতকে পেতাম। এখন আগেই সেমিফাইনালে পাব। দল যেই আসুক না কেন, আমাদের ফাইনালে খেলতে হবে। সবাই ভালো আছে। তৈরি হচ্ছে ম্যাচের জন্য।’
নেপালের ম্যাচে হেরেছে বাংলাদেশ। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ শিশুতোষ ভুল করেন। এ নিয়ে মিরাজুল বলেন, ‘এটা ফুটবলের অংশ’। শ্রাবণের সঙ্গে আমরা কথা বলছি। এটা আসলে বিষয় না। এমনটি হতে পারে। তবে এখন সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে মারুফুল হকের শিষ্যরা।
শ্রীলঙ্কাকে হারানোর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে শূন্য পয়েন্টধারী শ্রীলঙ্কা টুর্নামেন্টে থেকে বিদায় নেয়।
নিউজ /এমএসএম