রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

যে মামলায় গ্রেপ্তার রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান জানান, রাশেদ খান মেননকে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন। পরে আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সোয়া ৫টার দিকে রাজধানীর বনানীস্থ নিজ বাসা থেকে আটক হন রাশেদ খান মেনন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

২০০৮ সাল থেকে টানা তিন দফায় ঢাকা-৮ আসন থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রাশেদ খান মেনন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচিত হন মেনন।

রাশেদ খান মেননের জন্ম ১৮ মে ১৯৪৩ সালে। তার পৈতৃক নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর করেন।

১৯৬২ সালে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন মেনন। রাজনৈতিক কারণে তাকে বারবার জেলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে। এমএ পাস করেছেন জেলখানায় বসে পরীক্ষা দিয়ে। সে সময়ের প্রধান ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন। তিনি ডাকসুর সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102