বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান মেননকে গ্রেফতারের তথ্য দিয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে জানাননি তিনি।
এর আগে সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন কোটা সংস্কার আন্দোলনের সময় আহত এক ছাত্রদল নেতা। তাকে আসামি করা হয় মেননকেও।
ওই মামলায় এ দুজন ছাড়াও শেখ রেহানা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসানুল হক ইনুসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং ৫০০-৬০০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ আদালতে মামলার আবেদন করেন।
মামলার এজাহার বলা হয়, গত ৪ অগাস্ট সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা চালান। এতে অনেকের সঙ্গে বাদী নিজেও আহত হয়েছেন।নিউজ /এমএসএম