

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির নেতাদের শুরু হওয়া সম্মেলন এখন সকলের আগ্রহের কেন্দ্রে। শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় শুরু হওয়া এই সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা। তারা কমলা হ্যারিসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং বলেছেন, হ্যারিসই পরবর্তী প্রেসিডেন্ট হবেন।
মঙ্গলবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দেন বারাক ওবামা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা সম্মেলনকেন্দ্রের মঞ্চে ওঠার পর উচ্ছ্বসিত করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
বারাক ওবামা তার ভাষণে বলেন, “কমলা হ্যারিস তার নতুন কাজের জন্য তৈরি। তিনি তার সারা জীবন সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন। অ্যাটর্নি জেনারেল হিসাবে তিনি বড় ব্যাংক, কলেজের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের কেলেঙ্কারির কোটি কোটি ডলার সাধারণ মানুষের জন্য নিয়ে আসতে পেরেছেন। বাড়ি বন্ধক রাখা নিয়ে যখন সংকট দেখা দেয়, তখন তিনি আমাকে, আমার প্রশাসনকে বলে বাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।”
তিনি আরও বলেন, “আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি আমেরিকাকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরো নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।”
তার আবেদন, “আসুন, আমরা সকলে একসঙ্গে কাজ শুরু করে দিই।”
এরপর বারাক ওবামা ট্রাম্পের সমালোচনা করে বলেন, “একজন ৭৮ বছর বয়সি ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমলা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।”
ওবামার অভিযোগ, “ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। অ্যামেরিকায় বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, দেশ আমরা আর ওরা-য় বিভক্ত। তাকে যারা সমর্থন করে, তারা আসল অ্যামেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো চার বছর সময় দিতে পারি না”
চলমান সম্মেলনের শেষ দিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন।
এদিকে শিকাগোয় ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা পুলিশের দিকে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
নিউজ /এমএসএম