শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বৃষ্টিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে হাজারও শিক্ষার্থী, শিক্ষক-জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

ভারী বৃষ্টি উপেক্ষা করে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ মানুষ। এসময় প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করছেন তারা।‌

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১০টায় রুয়েট প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ সমাবেশ শুরু করেন তারা। পরে, রুয়েটের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাবির প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। এসময় তারা‌ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সিসি ক্যামেরা ভেঙ্গে দেন।

এসময় গোয়েন্দা সংস্থার এক সদস্যকে ভিডিও করতে দেখে শিক্ষার্থীদের একটি অংশ তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এদিকে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও‌ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রায় ৫০ জন শিক্ষক অংশ নিয়েছেন।

রুয়েট শিক্ষার্থী তানভির হাসান বলেন, সারাদেশের সাথে সমন্বয় করে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এখানে আমাদের একটাই দাবি স্বৈরাচার সরকার পদত্যাগ। সরকারের পদত্যাগ ছাড়া শিক্ষার্থী সমাজ আর ঘরে ফিরবে না। এ আন্দোলন আর কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না। পুলিশ প্রশাসন আমাদের ভাইদের উপর গুলিয়ে চালিয়েছে, তাদেরকে বলবো এখন সাবধান হোন। আপনাদেরও ছেলে-মেয়ে আছে, তাদের দিকে তাকান।

রাবি শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, আবু সাঈদের মতো জীবন দিতে আজকে মাঠে নেমেছি। হয়তো জীবন দিবো না হয়তো স্বৈরাচার সরকার পদত্যাগ করে মাঠ ছাড়বো। আমার ভাইগুলোর রক্তের দাগ বাংলার জমিনে এখনো শুকায়নি। কি দোষ ছিল তাদের। তারা সংবিধান অনুযায়ী তাদের অধিকারের কথা বলেছিল। আজকে আমাদের আন্দোলনের দাবি একটা, স্বৈরাচার সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে আমরা তাদের সাথে যোগ দিয়েছি। আর কত ঘরে বসে আমার ছেলেদের রক্ত দেখবো। শিক্ষার্থীদের গায়ে গুলি করতে স্বৈরাচার সরকারের কি একটুও বুক কাঁপেনি? আজ থেকে এ আন্দোলনে গুলি চালালে সেই গুলি আগে শিক্ষকদের গায়ে লাগবে, তারপর আমাদের ছাত্রদের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102