শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সাংবাদিক-জনতা নিয়ে সরকারের পতন ঘটানো হবে: গাজী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

সাংবাদিক-জনতা নিয়ে বর্তমান সরকারের পদত্যাগ ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।

শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে ‘গণহত্যা’ ও সাংবাদিক হত্যার প্রতিবাদে বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, এ সমাবেশ আর সাংবাদিকদের সমাবেশ নেই। এটি সাংবাদিক ও জনতার সমাবেশে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। আজকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। সাংবাদিক জনতা নিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।

তিনি বলেন, আমাদের চারজন সাংবাদিক হত্যা করা হয়েছে, ২০০ জন আহত করা হয়েছে, ৫০ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শত শত মানুষকে হত্যা করা হয়েছে। শত শত ছাত্র জনতা কাতরাচ্ছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। পঙ্গুত্ব বরণ করেছে। আর আপনি (শেখ হাসিনা) গদিতে আরামে থাকবেন। আপনার গদিতে থাকা হবে না। আপনার পতনের মধ্যে দিয়ে বিচারের ফয়সালা করব।

বিএফইউজের একাংশের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, পুলিশ ইচ্ছা করে গুলি করে নাই। শেখ হাসিনার নির্দেশে গুলি করতে হয়েছে। পুলিশ নয় শেখ হাসিনাকে টার্গেট করুন।

তিনি বলেন, শেখ হাসিনার পতন গতকালকেই হয়ে গেছে। শেখ হাসিনার পালানোর জন্য পার্শ্ববর্তী দেশ থেকে প্লেন রেডি করে রাখা হয়েছে। আমরা বলি, আমার ছাত্রকে গুলি করে হত্যা করে পালাতে পারবেন না। দেশের সব রেলপথ, রাজপথ, সড়ক পথ, বিমান পথ, নৌপথ বন্ধ করে দিতে হবে। এ হত্যার খুনের বিচার করতে হবে। না হলে শিশুদের কাছে আমরা অপরাধী হয়ে থাকব। দেশের কাছে আমরা অপরাধী হয়ে থাকব। এ জাতির কাছে, মানবতার কাছে অপরাধী হয়ে থাকব। সেটা আমরা হতে চাই না।

ডিইউজের একাংশের সদস্য শাহিন হাসনাতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সভাপতি শাহিন হাসনাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি, কবি আব্দুল হাই সিকদার, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম আজাদ, আবু সালেহ আকন, আলাউদ্দিন আরিফ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক কারাবন্দি সাঈদ খানের স্ত্রী সাজিদা আক্তার ইতিসহ ডিইউজে ও বিএফইউজের নেতারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102