

ঢাকা মহানগর পুলিশের মিন্টু রোডের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে লোকজনকে প্রায় দুপুরে দাওয়াত করে ভাত খাওয়ানো হয়। ধারাবাহিক এমন কাণ্ডে ব্যাপক সমালোচিত হয়েছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। ‘হারুনের ভাতের হোটেল’ খেতাব পাওয়া নানা ইস্যুতে আলোচিত সমালোচিত এই পুলিশ কর্মকর্তাকে বুধবার (৩১ জুলাই) বিকেলে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হারুণ অর রশীদকে বদলীর আদেশ দেয়া হয়। বদলির আদেশে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) করা হয়েছে।
আর ডিবির দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা: আশরাফুজ্জামানকে। একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খঃ মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনারকে অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) পদে বদলি করা হয়েছে।
এদিকে বিভিন্ন সময় ডিবি কার্যালয়ে বিভিন্ন ব্যক্তির ভাত খাওয়ানোর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ভাইরাল হন। নেটিজেনরা এটিকে হারুনের ভাতের হোটেল বলে ট্রল করে আসছেন। এতে যাদের ছবি ও ভিডিও প্রকাশ পাচ্ছে তারাও বিব্রত। অনেকটা অগোচরেই ভাত খাওয়ার ভিডিও ধারণ করে তা হারুন অর রশীদের ফেসবুকের ভেরিফাইড পেজে পোস্ট করা হয়।
সবশেষ কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ ৬ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে এনে ডিবি কার্যালয়ে এনে নুডুলস খাইয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করা হলে সমালোচনার ঝড় উঠে। হাইকোর্টের একটি বেঞ্চ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপরই ওই ৬ জনের অভিভাবকদেরসহ ভাত খাওয়ানোর আরেকটি ছবি পোস্ট করা হয়।
তীব্র সমালোচনার মধ্যে ১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন হারুনের কর্মকান্ড নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষোভ ঝাড়েন। এ খবর সর্বত্র ছড়িয়ে পড়লে গত দুইদিন হারুন নিজেকে গুটিয়ে রাখেন। এরমধ্যে আজ সন্ধ্যায় তাকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।

নিউজ /এমএসএম