মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুনঃতদন্তের আবেদন

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটির পুনঃতদন্ত চাওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিবির জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্তে আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ এম জুলফিকার হায়াত আগামী ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণার অভিযোগে দায়ের করা এ মামলায় গত ২ ডিসেম্বর সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক হাসানুজ্জামান। তারেক রহমানকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং সম্পত্তি ক্রোকের আবেদন করা হয় সেখানে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন গত ১৭ জানুয়ারি অভিযোগপত্রে ‘দেখিলাম’ লিখে স্বাক্ষর করেন। এরপর মামলাটি বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

সেখানে বলা হয়, বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনে আয়োজিত এক কর্মীসভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না, বাঙালিসহ ৫৫ হাজার ১২৬ বর্গমাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে- যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করে, যারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়, সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। আমরা কি আজ সবাই মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা।

মামলায় আরও বলা হয়, কর্মীসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন মনগড়া মিথ্যা তথ্য সম্বলিত উদ্ভট যুক্তি দেন। তিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102