বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শাবিপ্রবি

শিক্ষার্থীদের সঙ্গে সড়কে নামলেন অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

ডিবি কার্যালয়ে সমন্বয়কদের ‘জিম্মি’ করে বিবৃতি আদায়, দেশজুড়ে শিক্ষার্থী গুম ও গ্রেপ্তারকৃতদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সিলেটের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও অভিভাবকরা।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সিলেটের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদেরও কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলটি শাবিপ্রবির মূল ফটকের সামনের গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব দাও’, ‘গুলি করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘আমার ভাই শহীদ কেন, প্রশাসন জবাব দাও’, ‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার; কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার’, ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই’ প্রভৃতি স্লোগান দেয়।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আগে থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান নেয় এবং শিক্ষার্থীদের বিক্ষোভের সময় গেইটে ভিতরের দিকে পুলিশ, বিজিবি, ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা খুনির কাছে খুনের বিচার চাওয়ার জন্য এখানে আসিনি। জহির রায়হান বলেন, সাহেব কারাগার বড় করেন, আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো। সরকার তোমাকে বলি, সারা বাংলাদেশ কারাগার বানিয়ে ফেলো। নয়তো জায়গা দিতে পারবা না।

তারা আরো বলেন, দেশে গণহত্যার হিড়িক চলছে। নির্বিচারে গুলি করছে। আমাদের সমন্বয়কদের তুলে নিয়ে যাচ্ছে। যদি এগুলো বন্ধ না হয়, যদি ৯ দফা বাস্তবায়ন না হয়, তাহলে ছাত্র সমাজে এক দফা দিবে।

বিক্ষোভে অংশ নেয়া অভিভাবক শরীফা বেগম বলেন, বাচ্চারা আন্দোলন করছে। তাদের এভাবে দেখে ঘরে বসে থাকতে পারি না। তাই তাদের সঙ্গে একাত্মতা জানানোর জন্য আমি মিছিলে এসেছি। বাচ্চাদের পাখির মতো গুলি করে মারা হলো। এটা বেদনাদায়ক। আমরা এর দ্রুত সমাধান চাই।

এসময় অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102