মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন সংবিধান বিরোধী কাজ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

কোটা আন্দোলন নিয়ে সরকার ‘মিথ্যাচার ও অপকৌশলের’ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে যে নির্লজ্জ মিথ্যাচার করছে সেটির সর্বশেষ প্রমাণ হলো দেশ-বিদেশের সব নাগরিক দেখার পরও রংপুরের আবু সাঈদের মৃত্যুকে গুলিতে নয়, ইটের আঘাতে হয়েছে মৃত্যু বলা হচ্ছে। এভাবে মিথ্যাচার, অপকৌশল ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে প্রকৃত সত্যকে জনগণ থেকে আড়াল করতে পারবে না অবৈধ আওয়ামী সরকার। তাই এখনো বলি, সকল দায় নিয়ে সরকারের উচিৎ জনদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে পদত্যাগ করা।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার কর্তৃক চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যার যে তালিকা প্রকাশিত হয়েছে তা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। কিশোর ও আগে নিহতদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশ করতে হবে।’

‘ওদের মানবতা বিরোধী কর্মকাণ্ড থামছে না’

মির্জা ফখরুল বলেন, ‘কোটা বিরোধী আন্দোলনে অনির্বাচিত অবৈধ সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে। আন্দোলন দমনের নামে নিষ্ঠুরভাবে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা নিহত কিংবা আহত হয়েছে তাদের অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসী পেটুয়া বাহিনীর ছোড়া গুলিতে হয়েছে।’

‘পত্রিকার তথ্য মতে রাজধানীর ৩১টি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সংখ্যা ৬ হাজারের অধিক।যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হতাহত করা হয়েছে তাদের পরিবারসমূহকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। ‍শুধু তাই নয়, সরকারের নির্দেশে মৃতদের ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।অনেককে ময়না তদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।’

‘প্রকৃত সন্ত্রাসীদের ধরা হচ্ছে না’

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা বার বার বলছেন, প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার। তাদের এই হত্যাযজ্ঞ থেকে বাসা-বাড়ির বেলকনি, পড়ালেখার ঘর বা বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুমনিরাও বাদ যায়নি।

‘বার বার রিমান্ড মঞ্জুর নিয়ে প্রশ্ন’

মির্জা ফখরুল বলেন, ‘ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর নির্যাতনের পর আবারো নির্যাতন চালানোর উদ্দেশ্যে তাদেরকে ৫দিনের রিমান্ডে নেয়া হয়েছে যা গভীর উদ্বেগ-উৎকন্ঠা সৃষ্টি করেছে। বিরোধী নেতা-কর্মীদের গুম করে নির্যাতনের পর গ্রেপ্তার দেখিয়ে নির্যাতন চালানো, রিমান্ডে নিয়ে নির্যাতন, একবারের পর আবার রিমান্ডে নেয়ার ঘটনা আতঙ্কজনক।’

তিনি বলেন, বার বার রিমান্ডে নেয়া ও রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা সংবিধান বিরোধী কাজ। সর্বোচ্চ আদালতের এ বিষয়ে নির্দেশনা রয়েছে। কিন্তু সরকার আইনের তোয়াক্কা করছে না। আমরা দাবি জানাব, এভাবে বার বার রিমান্ডে নেয়া বন্ধ করুন।

কোটা আন্দোলনকে ঘিরে এই পর্যন্ত বিএনপিসহ বিরোধী অসংখ্য নেতা-কর্মী ও কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সাদা পোষাকে সদস্যরা তুলে নেয়ার পরও ‘এখনো তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়নি’ অভিযোগ করে তাদেরকে জনসমক্ষে হাজির করা দাবি জানান বিএনপি মহাসচিব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102