মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ভিপি নুরকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

গণ অধিকার পরিষদের (একাংশের) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে মিথ্যা মামলায় গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া আক্তার।

শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

মারিয়া আক্তার বলেন, গত শনিবার (২০ জুলাই) ভোর রাতে দরজা ভেঙে কিছু সাদা পোশাক ও কয়েকজন পুলিশ পোশাকে এসে ঘুমন্ত নুরকে তুলে নিয়ে যায়। এরপর ডিবি কার্যালয়, র‌্যাব কার্যালয় ও হাতিরঝিল থানায় খোঁজ নিলে তারা কোনো তথ্য দেয়নি। নিরুপায় হয়ে আমি কোর্টে যাই। সেদিন আর কোর্টে তোলেনি। ভেবেছিলাম আমার স্বামীকে আর খুঁজে পাব না। পরে জানতে পারলাম একদিন পর কোর্টে তোলা হবে। গিয়ে যা দেখলাম তা কোনো মানুষ সহ্য করতে পারবে না।

তিনি অভিযোগ করেন, গ্রেফতারের পর থেকে তার (নুরের) ওপর নির্যাতন করা হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে যে, নুর নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারেনি। পুলিশ সদস্যদের কাঁধে ভর করে আদালতে আসে। স্ত্রী হিসেবে এমন নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো নয়। পাশবিক নির্যাতনের পরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

নুরের চিকিৎসার দাবি জানিয়ে মারিয়া আক্তার বলেন, আমার অনুরোধ সন্তানের জীবন থেকে বাবার স্নেহ যেন কেড়ে নেওয়া না হয়। আমার সন্তানদের তো অধিকার আছে। এদেশে জন্ম নেওয়াটাই আমাদের পাপ? আমি দাবি জানাই নুরকে আর যেন রিমান্ড নেওয়া না হয়। তার চিকিৎসার ব্যবস্থা যেন করা হয়। প্রয়োজনে আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না। তবুও অনুরোধ আমার স্বামীকে ফিরিয়ে দিন। এমন নির্যাতন হলে নূর বাঁচবে না।

তিনি আরও বলেন, যেদিন ঘুমন্ত নুরকে গ্রেফতার করা হয় সেদিন ১৯৭১ সালের ২৫শে মার্চের মতো মনে হয়েছিল। আমার বড় সন্তান নুরের গলা ধরে ঘুমিয়েছিল। নুর উঠতে পারছিল না। তারা আমাকে এমনভাবে ধরেছে। মেয়েকে রেখে বাবাকে নিয়ে গেল। আমার মেয়ে ট্রমায় পড়ে গেছে।

নুরকে রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ করে মারিয়া আক্তার আরো বলেন, নুরের পা ওপরে বেঁধে পেটানো হয়েছে। ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। ইনজেকশন দেওয়া হয়েছে, সেটি স্লো পয়জনিং কিনা আমার জানা নেই। অনুরোধ জানাই তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তার চিকিৎসার ব্যবস্থা করেন।

সংবাদ সম্মেলনে নুরের বাবা ইদ্রিস আলী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় নুরের ছোট ভাইকেও গ্রেফতারের অভিযোগ করেন তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102