

ছাগলকাণ্ডে আলোচনায় আসা সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে প্রয়োজনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
তৃতীয় দফায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউরের আরো সম্পদ জব্দ ও ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেছে দুদক। প্রয়োজনে তাকে গ্রেফতার করা হবে। এ সময় আদালতে ১৩৭ শতাংশ জমি, বসুন্ধরায় ৮ হাজার ৭০ স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেস এবং ৩ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের ১৯টি কোম্পানির শেয়ার জব্দ ও ফ্রিজ করার আবেদন করেছে দুদক।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) দুদক সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ এবং ব্যাংক হিসাবের টাকার অনুসন্ধানে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ব্যাংক হিসাব থেকে টাকা সরানোর তথ্য মিলেছে। ১১৫টি ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেওয়া যায়, সেখানে মাত্র ৪ কোটি টাকা রয়েছে। আর ছাগলকাণ্ড নিয়ে হট্টগোলের মধ্যেই এসব হিসাব থেকে ৮ কোটি টাকা তুলে নেন মতিউর।
এর আগে, ৩০ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বহির্ভূত ক্রয় করা কোনো জমি আছে কি না, সেটি জানতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দেয় দুদক।
জানা গেছে, মতিউরের বিরুদ্ধে এর আগে চারবার দুর্নীতির অভিযোগ পায় দুদক। কিন্তু প্রতিবারই নানা কৌশলে নানা প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ মুছে ক্লিন শিট পেয়েছিলেন তিনি।
নিউজ /এমএসএম