

চট্রগাম অফিস: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জিয়াউর রহমান শুরু থেকেই জাতির পিতা হত্যার চক্রান্তে জড়িত ছিলেন। যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে মামলা, হামলা, হুলিয়া জারি করেছেন। জিয়াউর রহমান পরিকল্পিতভাবে শত শত মানুষকে হত্যা করেছেন।
মুক্তিযোদ্ধাদের হয় বরখাস্ত করেছে নয়তো হত্যা করেছেন। চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায় যারা আসামি তারা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদকারী।শনিবার নগরীর স্টেশন রোডের মোটেল সৈকত মিলনায়তনে হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে জাতি ১০০ বছর পিছিয়ে গেছে।
এরপর রাতারাতি বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্র করার চেষ্টা হলো, যা আমরা কখনো চাইনি। কয়েক প্রজন্মের বই-খাতায় ইতিহাস বিকৃতি করলো জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের শুরুতে যুদ্ধ করতে চাননি। চাক্ষুষ প্রমাণ আছে। আমাদের বীর মুক্তিযোদ্ধা জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ অনেক মুক্তিযোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন। জিয়ার কীর্তিকলাপ তারা দেখেছেন।নওফেল বলেন, জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধু হত্যার চক্রান্তে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত- এটা স্বীকার করার জন্য মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানাই। সত্য প্রকাশের সৎ সাহস যদি থাকে স্বীকার করুন।তিনি বলেন, বিএনপি হচ্ছে ভাড়াটে লোকের দল, মানুষ মারা দল।
তারা ইউনেস্কো স্বীকৃত ৭ই মার্চের ভাষণের কোনো কথা বলে না। এ ঐতিহাসিক ঘটনা তারা স্বীকার করে না এবং উদযাপনও। পনেরোই আগস্টে তারা আগে কেক কাটত।